জীবনানন্দ দাশের কবিতায় 'মনিয়া' নামটি খেয়াল করেছিলাম আগেই, তবে এটা কোন ব্যক্তির নাম নাকি মনিয়া/মুনিয়া পাখির কথা বলা হচ্ছে সেটার ব্যাপারে নিশ্চিত ছিলাম না। সেদিন পত্রিকা মারফত জানতে পারলাম মনিয়া ছিলেন জীবনানন্দের প্রথম প্রেমিকা। তাদের দেখা হয়েছিল বরিশালের একটি গির্জায়। যদিও সেই সূত্র এই তথ্যটিকে 'কথিত আছে' বলে প্রকাশ করছে, তবু সত্য-মিথ্যা যাই হোক এই ব্যাপারটা কিছুটা উল্টে-পাল্টে দেখা যেতে পারে।
আপাতত দুইটি কবিতার কথা মনে পড়ছে যেখানে 'মনিয়া' নামটির উল্লেখ আছে। একটিতে পাওয়া যাচ্ছে কোন এক রূপসীর কথা, আরেকটিতে দেখা যাচ্ছে ফেলে আসা এক প্রেয়সীকে ফিরে পাবার আকুতি।